মো ইয়াকুব আলী তালুকদার
সিরাজগণ্জ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করলো বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলণা করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত নন, যিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।




0 coment rios: