বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস–এ ভারতের সাবেক ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাতিল করা হয়েছে।
রোববার, ২০ জুলাই, ইংল্যান্ডের এজবাস্টনে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচের আগেই শিখর ধাওয়ান, যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠানসহ একাধিক তারকা অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান।
বিশেষ করে শিখর ধাওয়ান এক্সে প্রকাশিত চিঠিতে বলেন—‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের জটিলতার কারণে পাকিস্তানের বিপক্ষে খেলব না।’ তিনি আরও জানান, এ সিদ্ধান্ত আগে থেকেই লিগ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মিরে একটি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় দেশ। তবে এর প্রতিক্রিয়া পড়ে খেলার মাঠেও।
ভারতীয় লিজেন্ডদের এমন অবস্থানে টুর্নামেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল করে। তবে অন্যান্য ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।




0 coment rios: